নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি আগামী ৯ ফেব্রুয়ারি ভার্চুয়ালি সই হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির ট্রেড রিপ্রেজেন্টেটিভ (মন্ত্রী পদমর্যাদা) জেমিসন গ্রিয়ার এবং বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন এই চুক্তিতে সই করবেন বলে জানা গেছে।
তবে চুক্তিটি ভার্চুয়ালি সই হলেও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন-এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ওয়াশিংটন সফরে যাচ্ছেন—এ নিয়ে প্রশাসনের ভেতরেই প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে।
সূত্র জানায়, বাণিজ্য উপদেষ্টা কিংবা বাণিজ্য সচিব—কেউই এই সফরে যাচ্ছেন না। অথচ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ দল যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার প্রয়োজনীয়তা কী—তা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না।
দলটির অন্য সদস্যরা হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের দুই যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমিশনার রইছ উদ্দিন খান।
মন্ত্রণালয়–সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি কেবিনেটে শুল্ক চুক্তির অনুমোদন দেওয়ার কথা রয়েছে। এরপর সেই অনুমোদিত চুক্তির কপি নিয়ে প্রতিনিধি দলটি ওয়াশিংটনে যাবে। তবে চুক্তি যেহেতু ভার্চুয়ালি সই হচ্ছে, সেক্ষেত্রে একাধিক কর্মকর্তার বিদেশ সফরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে।
মন্ত্রণালয়ের ভেতরে গুঞ্জন রয়েছে, সরকারের মেয়াদের শেষ সময়ে দলবদ্ধভাবে এই সফরকে অনেকেই অপ্রয়োজনীয় বলে মনে করছেন। কেউ কেউ প্রশ্ন তুলছেন, চুক্তির কপি বহনের প্রয়োজন থাকলেও একজন কর্মকর্তার সফরই কি যথেষ্ট ছিল না?
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।