
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পাওয়ার প্রতিবাদে কৃষকদের বিক্ষোভের পর মামলা ও গ্রেপ্তার ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মামলায় ১১ কৃষকের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি* করায় অনেক কৃষক রাতে বাড়িতে থাকছেন না বলে স্থানীয়দের ভাষ্য।
গত ৭ সেপ্টেম্বর বঙ্গসোনাহাট ইউনিয়নে এক ডিলারের গুদামের সামনে সার নিতে জড়ো হন কয়েকশ কৃষক। তাদের অভিযোগ, সাধারণ কৃষকদের মাত্র ১০ কেজি করে সার দেওয়ার কথা বলা হলেও প্রভাবশালীদের টাকার বিনিময়ে বস্তায় বস্তায় সার দেওয়া হচ্ছিল। ক্ষুব্ধ কৃষকেরা একপর্যায়ে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করেন।
পরিস্থিতি সামাল দিতে উপজেলা কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে উত্তেজিত কয়েকজন তাদের ওপর চড়াও হন বলে অভিযোগ রয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা বাদী হয়ে ১১ জনের নামসহ অজ্ঞাত ৫০ কৃষকের বিরুদ্ধে মামলা করেছেন। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, অজ্ঞাত আসামির সংখ্যা বেশি হওয়ায় গ্রেপ্তার আতঙ্কে অনেক পুরুষ রাতে বাড়ি ছেড়ে অন্যত্র থাকছেন। তবে পুলিশ বলছে, ভিডিও ফুটেজ দেখে প্রকৃত জড়িত ব্যক্তিদেরই গ্রেপ্তার করা হবে এবং সাধারণ কৃষকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।
*সারের দাবিতে রাস্তায় নামা কৃষকদের আন্দোলন শেষ পর্যন্ত মামলা, গ্রেপ্তার ও গ্রামজুড়ে আতঙ্কে রূপ নেওয়ায় প্রশ্ন উঠেছে, কৃষকের সার সংকটের সমাধান হবে কীভাবে?