ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তাঁর দেশে ফেরার উদ্দেশ্য ক্ষমতায় ফিরে যাওয়া নয়; বরং বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো। আগামী ডিসেম্বরের মধ্যেই নিজ উদ্যোগে দেশে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
ভারতের Hindustan Times-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের সম্ভাব্য প্রত্যাবর্তন, প্রত্যর্পণ ইস্যু, বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন শেখ হাসিনা।
দেশে ফেরার প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, তাঁর প্রত্যাবর্তনকে ক্ষমতায় ফেরার প্রচেষ্টা হিসেবে দেখার সুযোগ নেই। দীর্ঘ সময় দেশের বাইরে থাকার পর তিনি বাংলাদেশের মানুষের কাছে ফিরতে এবং তাদের পাশে দাঁড়াতে চান। তাঁর ভাষ্য অনুযায়ী, ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।
সাক্ষাৎকারে নিজের প্রত্যর্পণের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের সঙ্গে যুক্ত করার আলোচনা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। আন্তর্জাতিক একটি ফোরামে বাংলাদেশ নিয়ে তাঁর বক্তব্য কীভাবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াতে পারে, সেটিও তাঁর বোধগম্য নয় বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমানের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ২০০৭ সালে বাংলাদেশ ছাড়ার সময় রাজনীতি না করার বিষয়ে লিখিত অঙ্গীকার করলেও পরবর্তী সময়ে লন্ডনে অবস্থান করে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় সভা-সমাবেশে অংশ নিয়েছেন। শেখ হাসিনার প্রশ্ন, সে সময় তিনি যদি ব্রিটিশ সরকারের কাছে এ নিয়ে অভিযোগ না করে থাকেন, তাহলে বর্তমানে তাঁর রাজনৈতিক বক্তব্য নিয়ে আপত্তি কেন তোলা হচ্ছে।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী। বিদ্যুৎ ও গ্যাস সংকট, সারের ঘাটতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো সমস্যার কথা তুলে ধরে এমন পরিস্থিতিতে চীনের সঙ্গে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তির আওতায় যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
শেখ হাসিনার ভাষ্য, বাংলাদেশের প্রয়োজন একটি স্থিতিশীল, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও উন্নয়নমুখী রাষ্ট্রব্যবস্থা। এমন একটি বাংলাদেশ শুধু দেশের মানুষের জন্য নয়, আঞ্চলিক স্থিতিশীলতা ও ভারতের নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
সবশেষে দেশে ফেরার প্রশ্নে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। তাঁর বক্তব্যের মূল বার্তা—ক্ষমতা নয়, দেশের মানুষই তাঁর প্রত্যাবর্তনের কেন্দ্রবিন্দু; আর সেই লক্ষ্যেই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছা রয়েছে তাঁর।
মন্তব্য করুন