নিজস্ব প্রতিবেদক
বরিশালে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকনের গ্রেপ্তারকে ঘিরে। বুধবার দুপুর ১২টার দিকে মহানগর কোতোয়ালি থানা-পুলিশ আদালত চত্বরে তাঁর নিজ চেম্বার থেকে তাঁকে আটক করে আদালতে সোপর্দ করে। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার এক আওয়ামী লীগ নেতার জামিন মঞ্জুরকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা তৈরি হয়। আদালত বর্জনের কর্মসূচির একপর্যায়ে বিকেলে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাসে ভাঙচুরের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট ভিডিও ফুটেজে কয়েকজন বিএনপিপন্থী আইনজীবীর পাশাপাশি সমিতির সভাপতি লিংকনকেও দেখা গেছে বলে জানা যায়।
ওই ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়ায়। আটক লিংকনকে একই আদালতের বিচারক এস এম শরিয়তুল্লাহর এজলাসে তোলা হলে তাৎক্ষণিক কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এ ঘটনায় আদালত চত্বরে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিপুলসংখ্যক সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে আদালতকেন্দ্রিক ঘটনাপ্রবাহ বৃহত্তর রাজনৈতিক টানাপোড়েনেরই প্রতিফলন। ঘটনাটি এখন বরিশালের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।