সরকারি অর্থের অপচয় রোধে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই ব্যয়সংকোচনের দৃষ্টান্ত তৈরি করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তাঁর দাবি, জনগণের করের অর্থ সাশ্রয়ের জন্য প্রধানমন্ত্রী ব্যক্তিগত জীবনযাপন থেকে শুরু করে সরকারি কার্যক্রমেও ব্যয় কমানোর নীতি অনুসরণ করছেন।
শুক্রবার সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে চিফ হুইপ বলেন, ❝সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন।❞
প্রধানমন্ত্রীর ব্যয়সংকোচনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বিমানবন্দরে যাতায়াতের সময় গাড়ি ও লোকবহরের ব্যবহার কমানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়েই খাবারের ব্যবস্থা করার মাধ্যমে অপ্রয়োজনীয় ব্যয় এড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
আগের সরকারের সঙ্গে তুলনা করে নুরুল ইসলাম মনি দাবি করেন, শেখ হাসিনার সরকারের সময় প্রধানমন্ত্রীর দপ্তরের খাবারসহ বিভিন্ন খাতে বড় অঙ্কের অর্থ ব্যয় হয়েছে। একই সঙ্গে আগের সরকারের নেওয়া ঋণের মধ্যে গত পাঁচ মাসে বর্তমান সরকার ২০৫ কোটি ডলার পরিশোধ করেছে বলেও দাবি করেন তিনি।
সরকারি সফরের ব্যয়েও কঠোর জবাবদিহির কথা জানান চিফ হুইপ। তাঁর ভাষ্য অনুযায়ী, কোনো মন্ত্রী বা সংসদ সদস্য সরকারি কাজে বিদেশ সফর করলে শুধু মৌখিক হিসাব গ্রহণ করা হবে না, ব্যয়ের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে হবে।
নুরুল ইসলাম মনির দাবি, প্রধানমন্ত্রীর এই ব্যয়সংকোচন লোক দেখানো নয়। সরকারি অর্থ জনগণের করের টাকা হওয়ায় প্রতিটি টাকার ব্যয়ের হিসাব নিশ্চিত করার চেষ্টা করছে সরকার।
মন্তব্য করুন