সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচের তারিখ নির্ধারণ নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের বিরোধের জেরে শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেছে আয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কালিগঞ্জ ঘাট ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
করতোয়া নদীর কালিগঞ্জ ঘাটে বহু বছর ধরে স্থানীয়ভাবে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। এবার বিএনপি সমর্থিত আয়োজকেরা ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর প্রতিযোগিতার তারিখ ঘোষণা করেন। অন্যদিকে জামায়াত সমর্থিত আয়োজকেরা একই স্থানে ৪ ও ৫ সেপ্টেম্বর পৃথক নৌকা বাইচের প্রস্তুতি নেন। একই জায়গায় দুই পক্ষের পৃথক আয়োজন ঘিরে শুরু হয় উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগ।
বিএনপি সমর্থিত আয়োজকদের অভিযোগ, তাদের পূর্বনির্ধারিত মঞ্চের পাশেই জামায়াতের পক্ষ থেকে আরেকটি মঞ্চ তৈরি করে পাল্টা কর্মসূচি নেওয়া হয়। অন্যদিকে জামায়াত নেতাদের দাবি, তাদের আয়োজন বন্ধ করতেই বিএনপির পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ভাষ্য অনুযায়ী, কোনো পক্ষই আয়োজনের জন্য প্রশাসনের পূর্বানুমতি নেয়নি। দুই পক্ষের বিরোধের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় নৌকা বাইচ বন্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ফলে রাজনৈতিক দ্বন্দ্বের মাঝে আটকে গেল করতোয়া নদীর বহু বছরের লোকজ ঐতিহ্য। বর্তমানে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন